Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কাউনিয়ার অদম্য শিক্ষার্থী কলি রানী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জন্ম থেকেই দুই হাতে আঙুল নেই। হাত ছোট ও বাঁকা হওয়ায় কলম ধরতে পারেন না। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তার স্বপ্নকে। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল নিয়ে ডান পা দিয়ে লিখেই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার শিক্ষার্থী কলি রানী।

বৃহস্পতিবার (২ জুলাই) কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে দেখা যায় তাকে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

কলি রানী উপজেলার গদাই গ্রামের বাসিন্দা। তিনি রুপালী রানীর মেয়ে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তার বাবা মনোরঞ্জন রায় মারা যান। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।

পরিবারের সহযোগিতা ও নিজের অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পঞ্চম শ্রেণিতে পা দিয়ে লিখেই এ গ্রেড অর্জন করেন। পরে এসএসসিতেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

শুধু লেখাপড়াই নয়, গানেও রয়েছে তার দক্ষতা। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি পা দিয়েই কম্পিউটার ও মোবাইল ফোন পরিচালনা করতে পারেন।

ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখেন কলি রানী। তার বিশ্বাস, ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না।

কলি রানীর ভাই মন্টু রাম রায় বলেন, “জন্ম থেকেই আমার বোনের হাতের আঙুল নেই। হাত দিয়ে কলম ধরতে পারে না। তাই ডান পা দিয়ে ধীরে ধীরে লেখা শিখেছে। এখন খুব দ্রুত লিখতে পারে। আমরা তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা চাই।”

কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম বলেন, “কলি রানী অন্য পরীক্ষার্থীদের মতোই পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিধি অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। আমরা তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি।”

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, “কলি রানী প্রমাণ করেছে, শারীরিক প্রতিবন্ধকতা মানুষের স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। আমরা চাই সে উচ্চশিক্ষা অর্জন করে নিজের লক্ষ্য পূরণ করুক। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।