Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরকে প্রশাসনিক উপজেলা ঘোষণার কার্যক্রম শুরু

Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুর থানাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন গত ৫ জুন প্রধানমন্ত্রীর কাছে মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে থানা প্রতিষ্ঠার পর মহিপুরের প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মহিপুর থানা মহিপুর সদর, ডালবুগঞ্জ, লতাচাপলী ও ধুলাসার—এই চারটি ইউনিয়ন এবং কুয়াকাটা পৌরসভা নিয়ে পরিচালিত হচ্ছে।

এছাড়া মহিপুর-আলিপুর দেশের অন্যতম বৃহৎ মৎস্যবন্দর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন এখানে অবস্থিত। কুয়াকাটা সমুদ্রসৈকতের সঙ্গে মহিপুরের সরাসরি সড়ক যোগাযোগ থাকায় এ অঞ্চলের প্রশাসনিক গুরুত্ব আরও বেড়েছে।

আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ (প্রশাসন) মো. মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ী, মৎস্যজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. কালিম উল্লাহ বলেন, “মহিপুর উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। একই সঙ্গে মৎস্যবন্দর, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে।”

মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, “মহিপুরকে উপজেলা ঘোষণা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় আমরা এটিকে স্বাগত জানাই। দ্রুত উপজেলা ঘোষণা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ হবে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।