কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীর ভাড়া বাসায় দরজার তালা ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স এলাকার মফিজউদ্দিন রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তিনি জানান, ঘটনার সময় তিনি টিউশনে ছিলেন এবং তার মা মাগরিবের নামাজের আগে বাসা থেকে বের হন। পরে পাশের বাসার এক বাসিন্দা তাদের বাসার দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। একই সঙ্গে পাশের বাসার দরজাও বাইরে থেকে আটকানো ছিল। বিষয়টি ফোনে জানানো হলে তারা বাসায় ফিরে চুরির ঘটনা নিশ্চিত হন।
সুমাইয়া আক্তার বলেন, “বাসায় এসে দেখি আলমারির তালা ভাঙা। সেখান থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে। বাবা-মা কেউ বাসায় ছিলেন না। আমার অনেক কষ্টের টাকায় কেনা স্বর্ণও ছিল। কিছুই রেখে যায়নি।”
তিনি আরও জানান, ঘরে থাকা মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে হাত দেয়নি দুর্বৃত্তরা। তারা শুধুমাত্র স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে।
জানা গেছে, বাসাটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করা হয়নি। তবে শিগগিরই এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

