অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. রাসেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি আব্বাস আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে নাজমুল ইসলাম ১,২৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পনির পান ৮১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. রাসেল ১,২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম বাবু পান ৯০৪ ভোট।
মোট ২,৩৯৩ জন ভোটারের মধ্যে ২,১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান (১,২২৭ ভোট), সহ-সভাপতি রহিমুল হক হিরা (৮৯০ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল ইসলাম (১,৪৬৩ ভোট), সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন তালুকদার (১,১৫৮ ভোট), অর্থ সম্পাদক আবদুর রহমান (১,৭২১ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোনাসেফ খান (১,০৩০ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদ উদ্দিন এবং সদস্য পদে জহিরুল ইসলাম (১,১৬২ ভোট) ও আলমীর হোসেন (১,০৮৩ ভোট)।
নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী বলেন, “ব্যবসায়ীদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী তিন বছর নবনির্বাচিত কমিটি সমিতির দায়িত্ব পালন করবে। সমিতির উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।”

