ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ।
শনিবার (১১ জুলাই) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে সুগন্ধা নদীর বিভিন্ন সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া, সুতালড়ী এলাকা এবং ঝালকাঠি শহরের পেট্রোল পাম্পসংলগ্ন তিনটি সম্ভাব্য স্থান ঘুরে দেখা হয়। নদীর প্রস্থ, নৌযান চলাচলের উপযোগিতা, ভৌগোলিক অবস্থান, সংযোগ সড়কের সম্ভাবনা এবং সেতু নির্মাণের কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সচিব।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিজভী আহমেদ সবুজ, ঝালকাঠি এলজিইডির উপজেলা প্রকৌশলী অনুপ কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন এবং প্রাথমিক কারিগরি তথ্য সংগ্রহের কাজ চলছে। এসব তথ্যের ভিত্তিতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে। পরে বিস্তারিত সমীক্ষা, নকশা প্রণয়ন এবং সরকারি অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেতু নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয়দের মতে, সুগন্ধা নদীর ওপর সেতু নির্মিত হলে ঝালকাঠি ও নলছিটির মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি নদীর দুই তীরের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

