সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে কিশোর-তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে হারুন মোল্লা ফাউন্ডেশনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. শাহে আলম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেন সুমন, ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম মাস্টার, একাডেমির ব্যবস্থাপক নূরে আলম বাপ্পি, মোহাম্মদ ডালিমসহ শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
একাডেমি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ব্যাচে সপ্তম থেকে দশম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে প্রথম ব্যাচের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রশিক্ষণও নিয়মিতভাবে চলমান রয়েছে।
এএম স্পোর্টস একাডেমির চেয়ারম্যান আসাদুল্লাহ বলেন, কিশোর-তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, এ একাডেমি থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ ফুটবলার তৈরি হবে এবং দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

