নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আয়েশা সিদ্দিকা মৌ। জীবনের এক গভীর শোকের মুহূর্তেও ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি পরীক্ষায় অংশ নেন।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ে নজিপুর মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন আয়েশা। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, আয়েশার বাবা মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারের সদস্যদের পরামর্শে নিজের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করে আয়েশা পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। বুধবার সকাল ৯টায় তার পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
শোকের এমন মুহূর্তেও আয়েশার পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মানসিক দৃঢ়তা, সাহস এবং শিক্ষার প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেছেন।

