বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের সময় ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হকের দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবের আলগা সীমান্তের ১০৫১ নম্বর সীমান্ত পিলারের কাছে ডিগ্রিরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।
উদ্ধারকৃত গরুর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

