মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে গলায় রুটি আটকে জান্নাত আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সখীপুর পৌরসভার সানবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার হলুদিয়াচালা এলাকার প্রবাসী আজগর আলী ও শিরিনা আক্তারের একমাত্র মেয়ে। পড়াশোনার জন্য সে সানবান্ধা এলাকায় নানির বাড়িতে থাকত।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জান্নাত তার মামাতো বোনের সঙ্গে বসে রুটি খাচ্ছিল। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। পরে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

