বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিকেডব্লিউএ) বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের প্রধান অতিথিত্বে এবং বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মোতালবে মন্ডল, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, অভিভাবক নাসের রহমান, ফেরদৌস আলমসহ অনেকে।
অনুষ্ঠানে বকশীগঞ্জ ক্যাডেট একাডেমি, আলহাজ আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমি, আবদুল হক বিদ্যা নিকেতন, নিউক্লিয়ার্স আইডিয়াল একাডেমি, ফেইট ডিজিটাল, শিশু কলি প্রি-ক্যাডেট স্কুল, বেসিক একাডেমি, ব্রাইট স্কুল, বিসিবি স্কুল, বেপারি পাড়া আইডিয়াল একাডেমি, আল হেরা মাদ্রাসা, অ্যাডভান্স মডেল স্কুল, আলিফ বিদ্যা নিকেতন, রাশেদা খাতুন বিদ্যা নিকেতন, ক্যাম্ব্রিজ মডেল স্কুল ও সাকসেস মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এর আগে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৬টি প্রতিষ্ঠানের মোট ৫৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাদের উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নানা প্রতিকূলতার মধ্যেও এসব প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার জায়গা তৈরি করেছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

