নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পরামর্শক পুলে (বিশেষজ্ঞ প্যানেল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে গত ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে এ পরামর্শক পুল গঠন করা হয়েছে।
১৪ সদস্যের এ উচ্চপর্যায়ের পরামর্শক পুলের সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুন পারভেজ। দেশ-বিদেশের খ্যাতনামা উন্নয়ন গবেষক, পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এ পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে অন্যতম সিনিয়র সদস্য করা হয়েছে।
পরামর্শক পুলটি বৃক্ষরোপণ কর্মসূচির নীতি, কৌশল ও নির্দেশিকা প্রণয়ন, বিশ্বমানের আধুনিক প্রযুক্তি—যেমন জিআইএস, রিমোট সেন্সিং ও ডেটা সায়েন্স—প্রয়োগ, জলবায়ু তহবিল সংগ্রহ এবং কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনায় কারিগরি ও পেশাগত পরামর্শ প্রদান করবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষাক্ষেত্রের পাশাপাশি জাতীয় পর্যায়ের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

