বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সীমান্ত এলাকায় ৩৫ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় আলম মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা ১০৬৬ সীমান্ত পিলারের কাছাকাছি বারবান্ধা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কাউনিয়ারচর এলাকায় পৃথক অভিযান চালান। অভিযানে ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও সিমকার্ডসহ আলম মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রৌমারী উপজেলার ছোট ধনতলা গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় রোববার (২৩ আগস্ট) পৃথকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে ৩৫ বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

