সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম না মেনে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বিলচতল এলাকায় যমুনা নদীর ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
অভিযানকালে যমুনা নদী থেকে নিয়ম ভেঙে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে মাইজবাড়ী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৪)কে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এরপর উপজেলার গান্ধাইল এলাকায় অভিযান চালিয়ে একই আইনে বালু উত্তোলন ও বিক্রির দায়ে গান্ধাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কাওছার আহমেদ জিহাদ (৩৫) ও আব্দুল আলীম (৫০)কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

