মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুরমুঠ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজনরা।
সোমবার (২৪ আগস্ট) সকালে দুরমুঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল, শামছুল হক ও শহীদুল্লাহ।
বক্তারা অভিযোগ করেন, ‘জামালপুর হালচাল’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইউনিয়নের সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কটূক্তি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এতে স্থানীয়ভাবে সামাজিক ও রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি পারস্পরিক বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু এবং তাঁর ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতকে নিয়েও অপপ্রচারের অভিযোগ তোলা হয়।
বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

