নরসিংদী প্রতিনিধি
বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষায় দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। এ জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ ইতিবাচক। ন্যায়, নীতি ও সততার সঙ্গে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে একটি ষড়যন্ত্রকারী মহল সরকার সফল হোক তা চায় না। বিএনপি জনগণের জন্য কাজ করছে বুঝতে পেরে তারা নানা অপচেষ্টা চালাচ্ছে এবং অপ্রাসঙ্গিক বিষয়কে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জনগণ বিএনপির পাশে আছে। কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে খায়রুল কবির খোকন বলেন, একটি ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে অল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ প্রশংসনীয়। দেশের সামগ্রিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত কৃষকদের উন্নয়ন। তাই কৃষকবান্ধব কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, কৃষকদের স্বার্থে সরকারের নেওয়া ঋণ মওকুফ ও বিভিন্ন প্রণোদনামূলক উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণসহ সরকারের ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নে কৃষক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি ও পরিবেশ উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭৭ সালে তাঁর নেওয়া সবুজ বিপ্লবের উদ্যোগ দেশের কৃষি খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বও কৃষি ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ভি.পি. আপেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব দীপক কুমার বর্মন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল, এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. তোফাজ্জল হোসেন মাস্টার, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিএনপির ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

