ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ ফজর জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী (র.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির সূচনা হয়।
পরে বিশ্ব জাকের মঞ্জিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ শরীফ পাঠ করা হয়। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, “দেশকে ঘিরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে। মধ্যপ্রাচ্যের মতো এই অঞ্চলকেও খণ্ড-বিখণ্ড করার পাঁয়তারা চালানো হচ্ছে।”
তিনি এসব ষড়যন্ত্র রুখে দিতে দেশের আপামর জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী দোয়া-আজকার, জিকির ও অন্যান্য দলীয় কর্মসূচির মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

