একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের বিশেষ অভিযানে কাভার্ড ভ্যানভর্তি ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানার নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালান। এ সময় ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধ ও সরকারের রাজস্ব ক্ষতি রোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যান সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

