মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে র্যাবের অভিযানে দেশীয় তৈরি কুড়ালসদৃশ অস্ত্রসহ মো. হাসিনুর সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাটলাহাট ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ভোরে পাটনচরা বাজার এলাকায় টহল ও চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, খিয়ার মামুদপুর গ্রামের হাসিনুর সরকারের বাড়িতে অস্ত্রসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এরপর ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে র্যাবের একটি দল হাসিনুর সরকারের বাড়িতে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দরজা খুলে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাঁকে আটক করেন।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসিনুর সরকারের দেওয়া তথ্য ও দেখানো অনুযায়ী তাঁর শয়নকক্ষের কাঠের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি স্টিলের পাইপের হাতলযুক্ত দু-মুখো লোহার কুড়ালসদৃশ অস্ত্র উদ্ধার করা হয়।
এজাহার অনুযায়ী, উদ্ধার করা অস্ত্রটির দৈর্ঘ্য ২১ দশমিক ৫ ইঞ্চি, প্রস্থ ৭ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ৬৮০ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে পুরোনো কালো রঙের একটি LAVA A3 Vibe বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ডও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে হাসিনুর সরকারকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হাসিনুর সরকার ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৩ জানিয়েছে, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

