মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হযরত আলীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার কাজীর লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ি-সিপাইপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া নকিবুল ও আব্দুল করিম অভিযোগ করেন, কাজী হযরত আলীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনসহ বিভিন্ন অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অভিযোগকারী স্ত্রী রুপালি বেগম বলেন, ‘আমার স্বামী প্রতিনিয়ত আমার ওপর নির্যাতন করতেন। রাতের আঁধারে আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে অন্য এক নারীকে নিয়ে রাত কাটাতেন। এর প্রতিবাদ করলে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিকাহ রেজিস্ট্রার বা কাজীর কাছ থেকে সমাজে দায়িত্বশীল ও নৈতিক আচরণ প্রত্যাশিত। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কাজীর লাইসেন্স ও নিয়োগ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ সময় মানববন্ধনকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযুক্ত কাজী হযরত আলীর বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

