মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যশোরের মনিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মনিরামপুর পৌরসভা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযানে প্রেসক্লাব চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় জমে থাকা বর্জ্য অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমীন। পৌরসভার কর্মচারীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আজমসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শুধু সরকারি বা পৌরসভার উদ্যোগে একটি শহর সম্পূর্ণ পরিষ্কার রাখা সম্ভব নয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনসহ সব শ্রেণি-পেশার নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তারা ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, যত্রতত্র বর্জ্য না ফেলা এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

