রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকটের মধ্যে একসঙ্গে ছয় নার্সের বদলির আদেশে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৭০ থেকে ৮০ জন রোগী। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেন ৩০০ থেকে ৪০০ জন। অথচ ১৮৮টি অনুমোদিত পদের বিপরীতে শূন্য রয়েছে ৮৮টি। এর মধ্যে বদলি হওয়া নার্সদের স্থলে নতুন কাউকে পদায়ন না করায় উদ্বেগ বেড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) ছয় নার্সের বদলির আদেশ জারি করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) উপসচিব বদরুল আলম স্বাক্ষরিত আদেশে তাঁদের নতুন কর্মস্থলে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ বদলি করা হয়েছে বলে জানা গেছে।
বদলির আদেশ অনুযায়ী, তপতী বিশ্বাসকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তাকিয়া সুলতানা, রেহানা আক্তার, নুরজাহান ইসলাম আশা, সাদিয়া আফরিন ও হালিমা খাতুনকে খুলনা স্পেশালাইজড হাসপাতালে বদলি করা হয়েছে। তবে তাঁদের পরিবর্তে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো নতুন কোনো নার্স পদায়ন করা হয়নি।
হাসপাতালটিতে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ রয়েছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন নতুন রোগী ভর্তি হন। ভর্তি রোগীদের পরিচর্যা, সময়মতো ওষুধ প্রয়োগ, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও জরুরি বিভাগে সেবা দেওয়ার ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অবস্থায় একসঙ্গে ছয় নার্স বদলি হলে বিদ্যমান জনবলের ওপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, নার্সের ৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে চারজন শিক্ষা ছুটিসহ বিভিন্ন কারণে কর্মস্থলে নেই। এ অবস্থায় ছয়জনকে একযোগে বদলি করা হলে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, সীমিত জনবল নিয়েই হাসপাতালে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালু রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে একসঙ্গে ছয় নার্সের বদলি হলে সেবার ধারাবাহিকতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এদিকে জনবল সংকটের মধ্যে ছয় নার্সের বদলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট রয়েছে। এর মধ্যে ছয় নার্সের বদলি হলে স্বাস্থ্যসেবা পরিচালনায় আরও সমস্যা তৈরি হতে পারে।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু আরও বলেন, বিষয়টি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে জানিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সংসদ সদস্য বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলে বিষয়টি অবহিত করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে। বিশেষ করে বদলি হওয়া নার্সদের স্থলে নতুন জনবল পদায়ন এবং শূন্য পদগুলো পূরণ করা হলে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।

