দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমারখালী থানায় মামলা হয়েছে। মামলায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত ৭ অক্টোবর রাতে এনসিপির কুষ্টিয়া শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নাসিরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির অন্য নেতারা কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার পরিদর্শনে যান। পরিদর্শন শেষে রাত ৮টা ১৫ মিনিটের দিকে মাজারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় নাসিরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পাশাপাশি লাঠি, বাঁশ, পাইপ, বাটাম, লোহার রড, পাথর ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও মারধর করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাঁদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করেন।
এজাহারে আরও বলা হয়, পরে পুলিশি পাহারায় তাঁরা মাজার প্রাঙ্গণ থেকে নিরাপদে বের হন। ওই রাতেই কুমারখালী থানায় মামলা করতে গেলে অজ্ঞাতনামা হামলাকারীরা থানা ঘেরাও করে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। নিরাপত্তার কারণে তখন থানা থেকে ফিরে আসতে বাধ্য হন তাঁরা। পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করতে বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার পরিদর্শনে গেলে নাসিরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশি পাহারায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে ঢাকায় পাঠানো হয়।

