কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় খালে গড়া জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অভিযান আতঙ্কে মো. ফরিদ তালুকদার (৫৫) নামে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ তালুকদার উপজেলার বাঁশবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফরিদ আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকার একটি খালে গড়া জাল ফেলেন। শনিবার সকাল ৬টার দিকে খালে ইঞ্জিনচালিত ট্রলারের শব্দ শুনে মৎস্য বিভাগের অভিযান চলছে বলে সন্দেহ করেন তিনি। এ সময় নৌকা ফেলে দৌড়ে পালিয়ে যান।
এরপর ফরিদ তাঁর ভাই আবদুর রহমানকে ফোন করে বলেন, ‘আজ মনে হয় আমার জালটা নিয়ে যাবে।’ খবর পেয়ে আবদুর রহমান খালের পাড়ে গিয়ে অভিযানের কোনো লোকজন দেখতে পাননি। সেখানে ফরিদের মাছ ধরার নৌকাটি মাঝখালে ভাসতে দেখেন। পরে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী একটি বাগানে ফরিদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে সকাল ৯টার দিকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের নেতৃত্বে আওরাবুনিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছিল। আমুয়া ইউনিয়নে তাঁদের কোনো দলের অভিযান ছিল না।
কাঠালিয়া থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

