Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর-৬ আসনে প্রথমবারের মতো চাকরির মেলা, অংশ নেবে ৫০টির বেশি প্রতিষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য সুখবর। চাকরির সন্ধানে দূর-দূরান্তে ছুটতে হবে না, নিজ এলাকায় এক ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ চাকরির মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় ৫০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলাকে ঘিরে স্থানীয় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

আয়োজকদের প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগ, নিয়োগপ্রক্রিয়া ও পদের বিষয়ে সরাসরি জানার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ, জীবনবৃত্তান্ত জমা, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দিকনির্দেশনা পাওয়ার সুযোগও থাকবে।

সাধারণত চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নিতে চাকরিপ্রার্থীদের এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয় তাঁদের। এমন পরিস্থিতিতে বিরামপুরে এ চাকরির মেলার আয়োজন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার বেকার যুবক-যুবতী, নতুন স্নাতক এবং কর্মজীবনে প্রবেশে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এ মেলা সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের যোগ্যতা ও দক্ষতা নিয়োগদাতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন তাঁরা।

স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগপ্রক্রিয়া সহজ করার প্রত্যাশায় আয়োজন করা হচ্ছে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হবে এবং তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এদিকে, মেলায় অংশ নিতে আগ্রহী চাকরিপ্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মেলা দিনাজপুর-৬ আসনের চাকরিপ্রত্যাশীদের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।