নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুর করা হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর ৭ থেকে ৮ জনের একটি দল চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে অস্ত্রধারীরা স্টেশন এলাকায় প্রবেশ করে প্রথমে তাঁর কক্ষের দরজা-জানালায় কোপ দিয়ে ভাঙচুর করে। পরে তারা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও গাজীপুর সদর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

