নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে জান্নাতুল ফেরদৌস মিতু (নাম) নামে এক প্রবাসীর স্ত্রী ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১০ অক্টোবর ভোরে উপজেলার মুশুলী ইউনিয়নের পালাহার গ্রামে স্বামীর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর স্বামীর ভাই মো. মঞ্জুরুল হক মঞ্জু।
অভিযোগ সূত্রে জানা গেছে, মালয়েশিয়াপ্রবাসী জাহাঙ্গীরের সঙ্গে প্রায় আট বছর আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী মিতুর বিয়ে হয়। তাঁদের এক ছেলে সন্তান রয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ১০ অক্টোবর ভোর ৫টার দিকে পরিবারের কাউকে কিছু না জানিয়ে মিতু বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় ঘরে রাখা নগদ পাঁচ লাখ টাকা, প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি ব্রিফকেস ও ব্যবহৃত কাপড়চোপড় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগকারীর দাবি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বালিশের পাশে পড়ে ছিল।
অভিযোগকারী আরও দাবি করেন, মিতুর নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর বাবার বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা সন্তোষজনক তথ্য দেননি এবং পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মিতু বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে নিখোঁজ মিতুর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নান্দাইল মডেল থানায় জানানোর আহ্বান জানিয়েছেন অভিযোগকারী মো. মঞ্জুরুল হক মঞ্জু।

