Nabadhara
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি এমরান

সিলেট প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ছিটা ফুলবাড়ী দুর্গামন্দির, ঢাকাদক্ষিণ মহাপ্রভুরবাড়ি সর্বজনীন পূজামণ্ডপ, ঢাকাদক্ষিণ চৌধুরীবাড়ি পূজামণ্ডপ এবং লক্ষীপাশার ঘোষগাঁও ফুটন্ত গোলাপ যুব সংঘের মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখন সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। বিএনপির অভিধান কিংবা সংবিধানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। সবাই বাংলাদেশের নাগরিক। হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করবেন এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন—এটাই প্রত্যাশা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজ খান, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

এদিকে একই দিন উপজেলার ঘোষগাঁও-বাউসী সড়কের পুনর্বাসনকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটির পুনর্বাসন ও সংস্কারকাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।