আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরিশাল–কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে বাসটি। বৃহস্পতিবার সকালে বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগে একটি স্টপেজে চালক নেমে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর বাসটির হেলপার চালকের আসনে বসেন। একপর্যায়ে মহাসড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত ও বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। পরে তাঁদের আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত ৪ থেকে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির চালক একটি স্টপেজে নেমে যাওয়ার পর হেলপার গাড়িটি চালাচ্ছিলেন। সড়কের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাসটির চালক ও হেলপার ঘটনাস্থলে না থাকায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

