Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ১৭ শিক্ষকের কলেজে ১০ পরীক্ষার্থীর কেউই পাস করেনি

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া ১০ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অথচ প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ১৭ জন শিক্ষক। এমন ফলাফলে শিক্ষার মান ও শিক্ষকদের দায়িত্বপালন নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাসের খাতায় নাম লেখাতে পারেনি একজনও।

শুধু পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ নয়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি। গত শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

শূন্য পাসের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসা ও আরিফ মেমোরিয়াল কলেজ; পোরশা উপজেলার মেদা হযরত আশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা; নিয়ামতপুর উপজেলার রাজাপুর বটতলী হাট কলেজ ও সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ; রাণীনগর উপজেলার বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; ধামইরহাট উপজেলার শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ; মান্দা উপজেলার শ্যাম চাঁদ মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ; আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা মহিলা বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজ।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষক-কর্মচারীরা নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পেলেও শিক্ষার্থীদের এমন ফলাফল হতাশাজনক। বিশেষ করে ১৭ জন শিক্ষক থাকা সত্ত্বেও ১০ জন পরীক্ষার্থীর একজনও পাস না করার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের মতে, প্রতিষ্ঠানের প্রশাসনিক দুর্বলতা কিংবা পাঠদানে কোনো গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।

এ বিষয়ে পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, “আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশিরভাগই অনিয়মিত। তারা পড়াশোনার পাশাপাশি কারখানা কিংবা দোকানে কাজ করে। তাদের ধরে ধরে এনে ক্লাস করাতে হয়। এ কারণে এখানকার ফলাফল এত খারাপ হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।