আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে গৈলা ও বাগধা ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে দুই ইউনিয়নের ২৪ জন তথ্য সংগ্রহকারী ও চারজন সুপারভাইজারসহ মোট ২৮ জন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্নাসহ অন্যরা।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ডের ডেটাবেজ তৈরিতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

