আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৭ ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আবুল হোসেন লাল্টু বলেন, সুস্থ, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি-সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, জেলা পরিষদের প্রশাসকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী পাওয়ায় বিদ্যালয়ের খেলাধুলা ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবলসহ মোট ১৭ ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

