ফেনী প্রতিনিধি
ফেনীতে কুয়েতে লোক পাঠানোর কথা বলে সাত ব্যক্তির কাছ থেকে ১৯ লাখ ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁতি দল নেতা সারোয়ার জাহান শ্রাবণ ও তাঁর ভাই আবদুলের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ফেনী শহরের মেজ্জান ডাইন রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ২০২৫ সালে কুয়েতে লোক পাঠানোর কথা বলে সাতজনের কাছ থেকে ১৯ লাখ ৫৫ হাজার টাকা নেন শ্রাবণ ও তাঁর ভাই। এর মধ্যে মাত্র ৮৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তাঁরা সময়ক্ষেপণ করছেন।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানে দলীয় নেতাদের মাধ্যমে চেষ্টা করেও কোনো ফল পাননি। পরে প্রতিকার চেয়ে সারোয়ার জাহান শ্রাবণ ও তাঁর ভাই আবদুলের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে সমন্বয়ক মো. মইনুল ইসলাম শাহী, ক্ষতিগ্রস্ত মো. আজাদ, মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তানবীর আহমেদ, আবু হেলাল ও জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

