Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে নতুন সম্ভাবনা

পঞ্চগড় প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ। কম খরচে অধিক ফলন, জমির আর্দ্রতা ধরে রাখা, আগাছা নিয়ন্ত্রণ ও সেচের পানি সাশ্রয়ের সুবিধা পাওয়ায় এ পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায় সবজি উৎপাদন অব্যাহত রাখতে মালচিং প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মালচিং পদ্ধতিতে জমি প্রস্তুত করে বেড তৈরি করা হয়। এরপর বিশেষ ধরনের পলিথিন দিয়ে বেড ঢেকে নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করে সেখানে সবজির চারা রোপণ করা হয়। এতে মাটির আর্দ্রতা দীর্ঘদিন বজায় থাকে, আগাছার বিস্তার কমে এবং অতিরিক্ত পানি সহজে নিষ্কাশিত হয়। ফলে গাছের গোড়া পচে যাওয়ার ঝুঁকিও কমে। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ কমাতে সহায়তা করায় কীটনাশকের ব্যবহারও কমানো সম্ভব হচ্ছে।

জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে দেখা যায়, বেগুন, করলা, শসা, পটল ও কাঁকরোলসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে এ পদ্ধতিতে। আগে বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে অনেক সবজিখেত নষ্ট হলেও মালচিং প্রযুক্তি ব্যবহারে সেই ক্ষতি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন কৃষকরা।

আটোয়ারী উপজেলার ডাঙাপাড়া গ্রামের কৃষক মুক্তা জানান, গত বছর ৫০ শতক জমিতে করলা চাষ করে খরচ বাদে প্রায় ৬০ হাজার টাকা লাভ করেছেন। চলতি মৌসুমে তিনি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। এবারও ভালো ফলনের আশা করছেন তিনি।

সদর উপজেলার বোদাপাড়া গ্রামের কৃষক জয়নুল বলেন, আগে বর্ষার পানিতে সবজির গোড়া পচে যেত। মালচিং পদ্ধতি ব্যবহারের পর গাছের গোড়ায় পানি জমার সমস্যা কমেছে। আগাছা ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম হওয়ায় ওষুধ ও শ্রমিক খরচ সাশ্রয় হচ্ছে।

কৃষিবিদদের মতে, মালচিং পদ্ধতিতে চাষাবাদে শ্রমিক ও রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব। পাশাপাশি ফসলের ধরন ও আবহাওয়াভেদে উৎপাদন ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের লাভের সম্ভাবনাও বাড়ে।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন বলেন, গতানুগতিক চাষাবাদের বাইরে পরিবেশবান্ধব ও লাভজনক পদ্ধতিতে সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। মালচিং প্রযুক্তি স্থানীয় কৃষকদের জন্য বেশ ফলপ্রসূ প্রমাণিত হচ্ছে। আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবজি উৎপাদন বাড়াতে মালচিং পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রযুক্তি আরও ছড়িয়ে দিতে উন্নতমানের মালচিং পেপার সহজলভ্য করা এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।