কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শফিকুল ইসলাম শফি উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টেপামধুপুর হাটসংলগ্ন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ০৮। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় করা এ মামলায় শফিকুল ইসলাম শফি এজাহারনামীয় আসামি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, একই মামলায় এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

