জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক ও তাঁর সঙ্গে থাকা শাকিল নামে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে ও জামাতা এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে মেয়ের বাড়িতে আসেন নুর বানু। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পুনট কোল্ড স্টোরেজের সামনে সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক দুজনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। জনতার হাতে আটক মোটরসাইকেল আরোহীসহ দুজনকে থানায় আনা হয়েছে।

