Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টানা বৃষ্টিতে কালাইয়ে আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জয়পুরহাট প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে জয়পুরহাটের কালাই উপজেলায় বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আগাম আলু ও শীতকালীন সবজির ক্ষেতেও পানি জমেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

রোববার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে কেটে রাখা ধান ভিজে গেছে। অনেক জমিতে পাকা ধানগাছ নুয়ে পড়েছে। অন্যদিকে আগাম আলু ও শীতকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। জমে থাকা পানি নিষ্কাশনে কোথাও কোথাও নালা কাটছেন কৃষকরা।

টানা বৃষ্টিতে শুধু কৃষিকাজ নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কাজে যেতে না পারায় দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।

কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৬-২৭ মৌসুমে প্রায় ১০৩ হেক্টর জমিতে আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ ও শাকসহ বিভিন্ন শীতকালীন সবজির চাষ হয়েছে।

উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের কৃষক তাজমহল হোসেন বলেন, তিন দিন আগে পাঁচ বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টিতে ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো মাঠে অনেক কৃষকের পাকা ধান রয়েছে।

আরেক কৃষক লুৎফর রহমান বলেন, কয়েক দিনের বৃষ্টিতে তাঁর আট বিঘা জমির পাকা ধান নুয়ে পড়েছে। এতে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

কৃষক কাজী মো. নওরোজ হোসেন বলেন, তিনি আগাম বারো-তেরো জাতের তিন বিঘা জমিতে আলু চাষ করেছেন। কিন্তু টানা তিন দিনের ভারী বৃষ্টিতে আলুখেত ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। সময়মতো আমন ধান ঘরে তুলতে না পারলে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজু আলম সরকার বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় পাকা ধান, শীতকালীন সবজি ও সরিষাখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত জমির পানি নিষ্কাশন, নুয়ে পড়া ধানগাছ বেঁধে রাখা এবং আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।