বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অব্যাহতভাবে দেশে প্রবেশ করছে ভারতীয় মাদক, গরু ও প্রসাধনী পণ্য। বিজিবি ও পুলিশের অভিযান এবং জব্দের পরও নিয়ন্ত্রণে আসছে না চোরাচালান। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের কয়েকটি রুট ব্যবহার করে সংঘবদ্ধ চক্র এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছে। এতে মাদকের বিস্তার বাড়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সীমান্ত এলাকায় মাদকের বিস্তারে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে তরুণ সমাজ। এ নিয়ে অভিভাবক ও সচেতন মহলেও উদ্বেগ বাড়ছে। চোরাচালান বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। এ ছাড়া শেরপুরের শ্রীবরদীসহ আশপাশের কয়েকটি উপজেলাও ভারত সীমান্তবর্তী। এর মধ্যে ধানুয়া কামালপুর স্থলবন্দর, লাউচাপড়া বিনোদন কেন্দ্র ও সাধু আন্দ্রে ধর্মপল্লীর কারণে বকশীগঞ্জের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে সীমান্তবর্তী অবস্থানের সুযোগ নিয়ে এ উপজেলায় মাদক, ভারতীয় গরু ও প্রসাধনী পণ্যের চোরাচালান বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রের দাবি, বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া, দিঘলকোনা, টিলাপাড়া, সোমনাথপাড়া, লাউচাপড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের তৎপরতা রয়েছে। এসব এলাকায় মাদক ও অন্যান্য পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব পণ্য দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক মূল্য সাড়ে ১৬ লাখ টাকা। এর কয়েক দিন আগে একই এলাকা থেকে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া ভারতীয় গরু পাচারের সময় আটটি গরু জব্দ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ভারতীয় প্রসাধনী পণ্যও বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে জব্দ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার এক বাসিন্দা জানান, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের তৎপরতা বাড়ে। এ সময় সুযোগ বুঝে মাদক, গরু ও প্রসাধনী পণ্য দেশে আনা হয়। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে পণ্য জব্দ করলেও চোরাচালান বন্ধ হচ্ছে না। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় একটি চক্র এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ২৩ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সীমান্তে চোরাচালান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার ও চোরাচালান বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান বন্ধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদকের ভয়াবহতা রোধে পুলিশ কাজ করছে এবং অভিযান চলবে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সীমান্তে মাদক, গরু ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, চোরাচালান বন্ধে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সচেতন ও সহযোগী হতে হবে।

