Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কারের মৃত্যু, জানাজায় হাজারো মানুষের ঢল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু বক্কর ছিদ্দিক (৫২) মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে জমিদার ব্রিজসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।

আবু বক্কর গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওলিমদ্দিন সরদার পাড়ার মৃত ওলিমদ্দিন সরদারের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাঈম আনসারি, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস ও রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নোমানসহ অন্যরা।

আবু বক্করের মৃত্যুতে মরহুমের পরিবারের সদস্য ও শোকসন্তপ্ত নেতাকর্মীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ভাই, চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, দলীয় সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।