বাগেরহাটের মোংলায় মলম পার্টির মূলহোতা সহ ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি অভিযানিক দল।গত ০৫ ডিসেম্বর সোমবার বিকালে একজন ষাটোর্ধ্ব বিধবা তার স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে মোংলা বন্দর হতে ভ্যান যোগে নিজ বাসায় ফিরছিলেন ।
এ সময়ে মাঝপথে এসে মলম পার্টির সদস্য ভ্যান চালক ও ভ্যানে থাকা অন্য দুই সদস্য বিধবা বৃদ্ধার চোখে মলম লাগিয়ে তার নিকট হতে পেনশনের উত্তোলনকৃত ৬,০০০/-টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মংলা থানাধীন পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মংলা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ ছিনতাইয়ের সাথে জড়িত মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

