যশোর প্রতিনিধি
এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার জন্য যশোর শিক্ষা বোর্ডে জমা পড়েছে মোট ৪৯ হাজার ৭৭৯টি আবেদন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে, যার সংখ্যা ১৬ হাজার ১২৮।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে জানান, ১০ আগস্ট পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, “অভিজ্ঞ পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা হবে এবং শিক্ষার্থীরা যাতে ন্যায্য ফলাফল পায় তা নিশ্চিত করা হবে।”
চলতি বছর যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশ নেয়, পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। ফল প্রকাশের পরপরই খাতা পুনঃনিরীক্ষার আবেদন নেওয়া শুরু হয় এবং ১৭ জুলাই পর্যন্ত তা চলমান ছিল।
২৪টি বিষয়ে করা আবেদনগুলোর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে আবেদন জমা পড়ে ৮ হাজার ৬৪টি করে। গণিতে ৬ হাজার ৮০৩, রসায়নে ৩ হাজার ২৭২, পদার্থবিজ্ঞানে ২ হাজার ৭০৮, জীববিজ্ঞানে ২ হাজার ১৭৬, এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ২ হাজার ৫১৭টি আবেদন জমা পড়ে।
এছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২ হাজার ১৭টি করে, উচ্চতর গণিতে ১ হাজার ৫১৫, বিজ্ঞানে ২ হাজার ১১৯, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৬৮, ইসলাম ধর্মে ১ হাজার ৭৪০, হিন্দু ধর্মে ৩০৪, ভুগোলে ১ হাজার ১১৭, হিসাববিজ্ঞানে ৫০৫ এবং আইসিটিতে ৯৭৩টি আবেদন জমা পড়ে।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করেছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।

