উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার পুকুরপাড় থেকে সকালে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর গফুর জানান, সকালের দিকে প্রেমবাজার পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পরবর্তীতে লোকজনের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হয়। মৃত ব্যক্তি মো. সাহের আলী (৭০), তিনি বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকদফর গ্রামের মৃত বুজুর আলীর ছেলে।
বীরগঞ্জ থানার ওসি বলেন, “মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু বলে মনে হচ্ছে।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা (নম্বর ৪৪) করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিতভাবে ময়নাতদন্ত না করার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

