নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নান্দাইল-ঈশ্বরগঞ্জ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল চৌরাস্তা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদল নেতা মাহমুদুল হাসান আরিফ ও শাহজাহান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “খুররম খান চৌধুরী ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, আপসহীন রাজনীতিবিদ এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী নেতা। তাঁর শূন্যতা নান্দাইলের রাজনীতিতে অপূরণীয়।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য একেএম মাসুম খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান মাস্টার, উপজেলা বিএনপি নেতা জিয়া উদ্দিন শাহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাজু, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান খোকন, উপজেলা মহিলাদলের নেত্রী তাহমিনা আক্তার রিপা, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির ও মোবারক হোসেন উজ্জ্বল।
বক্তারা প্রয়াত খুররম খান চৌধুরীর রাজনৈতিক অবদান ও মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

