আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার নওয়াবেকী বাজারসংলগ্ন খোলপেটুয়া নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খোলপেটুয়া সচেতন বাসী” ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হাবিবুল্লাহ। বক্তারা বলেন, খোলপেটুয়া নদীর দুই পাশে থাকা পদ্মপুকুর, আটুলিয়া, কাশিমাড়ী, গাবুরা ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকূল রক্ষা বাঁধ প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। অথচ এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রতিরাতে ৩০-৩৫টি বডি ও কার্গো দিয়ে এসব এলাকার চর থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলছে।
স্থানীয়রা বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, এমনকি মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
এ সময় বক্তব্য রাখেন নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নওয়াবেকী মহাবিদ্যালয়ের প্রভাষক হারুনুর রশিদ, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, এনজিওকর্মী রেজাউল ইসলাম প্রমুখ।
বক্তারা আরও বলেন, প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলা হলেও বারবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।
নৌ পুলিশের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে তারা বলেন, বুড়িগোয়ালীনি নৌ থানায় জানালেও পুলিশ শুধু দেখে চলে যাচ্ছে, কোনও পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে নৌ থানার অফিসার ইনচার্জ ওবায়দুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

