কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকেবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকায় আগত শিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের যেন কোনো দুর্ভোগে না পড়তে হয়, সেজন্য কলেজের মূল ফটকের সামনে হেল্পডেস্ক স্থাপন করে ৩২টি জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
হেল্পডেস্কগুলোতে পরীক্ষার্থীদের জন্য মোবাইল, ব্যাগ, পানি, স্যালাইন, কলম, টিস্যু, বিস্কুটসহ নানান প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। অভিভাবকদের জন্য বসার আলাদা ব্যবস্থাও রাখা হয়।
অংশগ্রহণ করা ছাত্র কল্যাণ পরিষদ সমূহ :
রংপুর, কুড়িগ্রাম, চট্টগ্রাম, নেত্রকোনা, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, গাইবান্ধা, ঢাকা, নরসিংদী, চাঁদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, পটুয়াখালী, ঠাকুরগাঁও, কুমিল্লা, ঝিনাইদহ, রাজবাড়ী, জামালপুর, ময়মনসিংহ, বরিশাল, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও জালালাবাদ।
কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাওন মিয়া জানান, “প্রতি বছরের মতো এবারও আমাদের হেল্পডেস্কে ১৫ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও দিনটি সফলভাবে শেষ হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তুষ্টিই আমাদের সার্থকতা।”
রংপুর থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী সুমাইয়া বলেন, “লম্বা ভ্রমণের পর ক্লান্ত ছিলাম। কিন্তু আমাদের জেলা কল্যাণ পরিষদ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাতে মনে হয়েছে আমি একা না। আমার জেলা আমার পাশে আছে।”
ভর্তিচ্ছু শিক্ষার্থী নাহিদের মা বলেন, “ঢাকার মতো ব্যস্ত জায়গায় এসে এত সহযোগিতা পাবো ভাবিনি। আমাদের জন্য বসার জায়গা ও খাবার পানির ব্যবস্থা করায় খুব উপকার হয়েছে।”

