কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী দল। বিএনপি ইসলামের পক্ষের দল হলেও ধর্ম নিয়ে রাজনীতি করে না। শনিবার (২৩ আগস্ট) কালীগঞ্জের ঐতিহ্যবাহী দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানা মাঠে উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রধান, মসজিদের খতীব ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফজলুল হক মিলন এ মন্তব্য করেন।
ফজলুল হক মিলন বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সন্মান প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি নেতাকর্মীদের গ্রামে-ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক প্রচারণা চালাতে এবং বিএনপি বিরোধী প্রচারণার বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার প্রতি সতর্ক থাকার আহবান জানান। এছাড়া, তিনি তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আলী হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, মাদ্রাসা প্রধান ও ইমামবৃন্দ। অনুষ্ঠানে কালীগঞ্জ পৌর বিএনপির নেতৃবৃন্দ, সাবেক পৌর মেয়র মো. লুৎফর রহমান ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

