সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চারদিন পর রাজমিস্ত্রি ইমরান হোসেনের (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে কলারোয়া উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মাছের ঘের থেকে পুলিশ ইমরানের মরদেহ উদ্ধার করে।
নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তিনি দুই কন্যা সন্তানের জনক।
নিহতের মা আমেনা বেগম সাংবাদিকদের বলেন, গত ২৪ আগস্ট রোববার সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোনে ডেকে নেয়।
বাড়ি থেকে বের হওয়ার সময় ইমরান স্ত্রী-সন্তানদের বলেন, “বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর বেদানা নিয়ে ফিরবো।” এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি।
পরিবারের পক্ষ থেকে দুই দিন পর, অর্থাৎ ২৬ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ইমরানের মা আমেনা বেগম দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। “রিপন আমার ছেলেকে ডেকে নিয়েছে। এরপর থেকে সে আর ফিরে আসেনি। আমার ছেলে হত্যার বিচার চাই,” কান্নাভেজা কণ্ঠে বলছিলেন তিনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, “২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা হবে।”

