দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুশমান আলী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফিলিপনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত রুশমান আলী ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের বাবুর ছেলে। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর পাড়ে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে রুশমান আলী ও একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে শিহাব (৪০) এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিহাব ক্ষিপ্ত হয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে রুশমানকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, হামলাকারী শিহাব একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

