যশোর প্রতিনিধি
“আমাদের প্লাস্টিক দিন, পরিবেশ বন্ধু গাছ ও চকলেট নিন”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুরে ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতা কর্মসূচি চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধন’। টিফিনের টাকায় পরিচালিত এই সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বিনিময়ে গাছের চারা ও চকলেট দেওয়া হচ্ছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মণিরামপুর উপজেলার পলাশী রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিনব আয়োজন করা হয়। এদিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান জানান, “শিশুরা যেন ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন হয়, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। চাইলে আমরা বিনামূল্যেই গাছ বিতরণ করতে পারতাম, কিন্তু আমরা চেয়েছি তারা যেন প্লাস্টিকের মতো ক্ষতিকর বর্জ্য সংগ্রহ করে তা জমা দেয়। এর বিনিময়ে গাছ পেয়ে তারা গাছ লাগাতে ও ভালো কাজে উদ্বুদ্ধ হবে।”
বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উদ্যোগে দারুণভাবে সাড়া দিয়েছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অভি হোসেন জানায়, “আমরা বইয়ে বাগানের কথা পড়েছি, কিন্তু কখনও নিজ হাতে গাছ লাগাইনি। এবার গাছ পাবো, নিজের হাতে লাগাবো, যত্ন নেবো।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা পারভীন বলেন, “এটা সত্যিই ব্যতিক্রমী একটি উদ্যোগ। শিশুদের মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরির এমন প্রয়াস খুব কমই দেখা যায়। আমরা এই উদ্যোগের সাফল্য কামনা করি।”
স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীও ‘ঐক্য-বন্ধন’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের কার্যক্রম চালানো হবে।

