জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার কাটা মোবারক ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৬০ হাজার সিএফটি বালু এবং অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে মূল বালু ব্যবসায়ী কিংবা শ্রমিকদের কাউকেই আটক করতে পারেনি প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, “মুহুরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত বালি ও যন্ত্রপাতির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং জেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখবে।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মুহুরী নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে সরকারি খাস জমিতে পুকুর খনন করছে। এতে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এছাড়া থাক খোয়াজের লামছি, চরখোন্দকার, চর এলেন, চরআবদুল্লা বিট, দক্ষিণ চরচান্দিয়া ও পূর্ব বড় ধলী মৌজায় একইভাবে শতাধিক পুকুর খনন করে মাছ চাষ করছে ভূমিদস্যুরা। এসব এলাকায় প্রায়ই নানা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

