খুলনা জেলা প্রতিনিধি
খুলনার তেরখাদায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়া থেকে আসা বালুবাহী ট্রলি ও তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রলির চালকও সামান্য আহত হয়েছেন এবং দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়—বিশেষ করে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত মফিজ মোল্লাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সকাল ১০টা ১৫ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলেই রাখা আছে বলে জানান তিনি।

